হোমকবিতা

"বয়স": কবি: স্বরূপ চট্টোপাধ্যায়

Saroop Chattopadhay
১৬ জুলাই, ২০২৬
"বয়স":  কবি: স্বরূপ চট্টোপাধ্যায়

বয়স কি কেবলই একটা সংখ্যা?
হয়ত বা ঠিক বয়স ঠিক তাই
কিন্ত তা বলে বয়স কি শিক্ষা নয়,
জীবনের প্রতিটা সময় কি শেখায় না?
 
বয়স কি স্মৃতির পাহাড় নয়,
অনেক জমা থাকা স্মৃতির পাহাড়
ভাল মন্দ ঠিক ভুল সব মিলে একাকার;
সেসব কি সহজে ভোলা যায়?
 
বয়স কি মানুষকে একাকীত্ব দেয় না?
হারিয়ে যাওয়া সঙ্গীর সান্নিধ্য...
সেই সব নস্টালজিক অনুভূতি গুলো
সেই স্কুল কলেজ থেকে পুরনো কর্মস্থান;
 
বয়স কি আমাদের চিন্তা বাড়ায় না?
সন্তানের বাড়ি ফেরার এক মস্ত চিন্তা!!
ওর ভবিষ্যত কি সুখকর হবে,
জীবনসঙ্গী বা সঙ্গিনী কি সুখ দেবে!!
 
বেশি বয়সে কি আমরা বাচ্চা হয়ে যাই?
এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাল মন্দ মুহূর্তগুলো,
এত অল্প প্রাপ্তি অপ্রাপ্তি গুলো...
সবেতেই কেন এত দুঃখ পাই?
 
যাক গে কেন এসব ভাবছি,
মেয়ে হয়ত বা জ্যামে আটকে...
বয়স্ক ভাতা টা হয়ত কদিন পরে আসবে
সুগারের রিপোর্ট এবার নিশ্চয়ই ঠিক বেরবে।
 
হয়ত মেয়ে ঠিকই বলে বাবা বুড়ো হয়েছ,
জেন জি কে তোমরা কি ঠিক বুঝতে পেরেছ?
না বুঝেও তোরাও তো মাঝে মাঝে মানিস,
অভিজ্ঞতার দাম দিয়ে সাজেশন নিস।
 
তাহলে বয়স কেবলই একটি সংখ্যা নয়,
বয়স আমাদের ভালোবাসাও দেয়
বয়স আমাদের আনন্দ দুঃখ সবই দেয়
বয়স আবার তেতো মিষ্টি ঝাল সব স্মৃতি বিলোয়।।

এই খবরটি শেয়ার করুন

আপনার বন্ধুদের সাথে সত্য খবর ছড়িয়ে দিন

#বয়স#স্বরূপ চট্টোপাধ্যায় #স্বরূপ_চট্টোপাধ্যায় #Saroop_Chattopadhyay #Poem #Kobita স্বরূপ চট্টোপাধ্যায় #Bengali #Poetry